রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একযোগে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একযোগে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কালাস জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো মিত্ররা একসঙ্গে পদক্ষেপ নিলে মস্কোর ওপর চাপ আরও কার্যকর হবে। এ ক্ষেত্রে ওয়াশিংটন ‘গ্রাহাম বিল’ গ্রহণ করলে রাশিয়ার ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
কালাস জানান, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন পর্যন্ত প্রায় ১ ট্রিলিয়ন ইউরো (১ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার) হারিয়েছে। দেশটির গোপন তেলবাহী জাহাজের ওপর বিধিনিষেধ মস্কোর যুদ্ধ পরিচালনায় বড় সংকট তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েও তিনি বলেন, মস্কো এটি মানবে কি না তা পর্যবেক্ষণ করতে হবে। কালাস জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কেবল জ্বালানি অবকাঠামোতেই সীমাবদ্ধ না রেখে মানুষ হত্যা বন্ধেও কার্যকর হতে হবে। পাশাপাশি ট্রাম্পের নির্বাচনের দাবির প্রেক্ষিতে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্রুত নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছেন।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কালাস বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা জানান। লোহিত সাগরের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন বলে তিনি জানান। আগের দিন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলাপে ইইউর ‘অপারেশন অ্যাসপাইডস’ জোরদার করার বিষয়ে কথা হয়েছে বলেও কালাস উল্লেখ করেন। এ ছাড়া লেবাননে বেসামরিক ও সামরিক অংশীদারদের নিয়ে নতুন একটি মিশন চালুর বিষয়েও আলোচনা হবে, যা অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু করতে পারবে।