নয়াদিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভকারী অরণ্য সিংকে পুলিশি নির্যাতনের অভিযোগ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশ ভ্যানের ভেতরে দিশা স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য অরণ্য সিং রাঠোরকে শ্বাসরোধ ও নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশ ভ্যানের ভেতরে দিশা স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য অরণ্য সিং রাঠোরকে শ্বাসরোধ ও নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। গত ১১ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে তাকেসহ আরও কয়েকজনকে আটক করা হয়। সহ-আন্দোলনকারীদের দাবি, পুলিশের মারধরের কারণে অরণ্য গুরুতর আঘাত পেয়েছেন।
আটক অন্য এক বিক্ষোভকারী জানান, প্রথমে তাদের ডিটিসি বাসে তোলা হয়। পরে একটি প্রিজন ভ্যানে স্থানান্তর করে বাতি নিভিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং অন্তত তিনটি মুঠোফোন নিয়ে যাওয়া হয়। সে সময় অরণ্যের গলা চেপে ধরে প্রচণ্ড মারধর করা হয়েছিল। এছাড়া পুলিশ সদস্যরা সেখানে গণমাধ্যম না থাকার কথা বলে আন্দোলনকারীদের কটূক্তি করে।
ঘটনার রাতে কনট প্লেস থানায় অরণ্যের আইনজীবী ও বন্ধুদের রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ৪৩(৫) ধারা অনুযায়ী সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কোনো নারীকে আটক বা গ্রেপ্তারে বিধিনিষেধ রয়েছে। অন্য বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হলেও অরণ্যকে অন্তত রাত সাড়ে ১১টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে নেওয়া হয়। এই ঘটনায় দিল্লি পুলিশ একটি মামলা করেছে বলে জানা গেছে।