বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন ৩০ হাজার কর্মী
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোট কারচুপির অভিযোগ তুলে বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোট কারচুপির অভিযোগ তুলে বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার জাতীয় রাজধানীজুড়ে পুলিশ ও আধা সামরিক বাহিনীর ৩০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লির ছয়টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন সীমান্ত এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন দিল্লি জেলাকে ২০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সেখানে দিল্লি পুলিশকে সহায়তার জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ১২০টিরও বেশি কোম্পানি কাজ করছে। শহরের প্রবেশপথ, রেলস্টেশন, বাস টার্মিনাল এবং হোটেলগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপরও কড়া নজর রাখা হচ্ছে। এর আগে গত ১১ অক্টোবর বিরোধীরা এই কর্মসূচির ডাক দেয়। সপ্তাহান্তে হওয়া বিক্ষোভে অংশ নেওয়ায় সাবেক মুখ্যমন্ত্রীসহ বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল।
নির্বাচন কমিশনের ভেতরে মতবিরোধের খবরের পর বিরোধীদের এই আন্দোলন আরও তীব্র রূপ নেয়। জানা গেছে, বিগত ১০ মাসে ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়ে বিরোধীরা তাদের এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে।