ডেইলি বাংলাগ্রাম

পূর্ব সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার তাদের পূর্ব সমুদ্র অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পূর্ব সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার তাদের পূর্ব সমুদ্র অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জাং দো-ইয়ং জানান, দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধরনের এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে পড়ার আগে ৯০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়। জাপানের উপপ্রতিরক্ষা মন্ত্রী তাকাশি কোয়ারি জানিয়েছেন, ১৭ মিনিটের ব্যবধানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রথমটি প্রায় ২২০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৯১০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির গতিপথ দেখে এটি হাইপারসনিক অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার দক্ষিণ কোরিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং এই অস্ত্রকে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিলেন। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা জাং দো-ইয়ং মনে করছেন, নিজেদের প্রযুক্তি উন্নত করার পাশাপাশি সিউলের পরীক্ষার জবাব দিতেই হয়তো পিয়ংইয়ং এই পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কার্যালয় এই কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাপান বেইজিংয়ে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এর আগে ৩ অক্টোবর উত্তর কোরিয়া একটি মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

গত মাসে দুই দেশের সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সাম্প্রতিক বছরগুলোতে সিউলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং দক্ষিণ কোরিয়াকে স্থায়ী শত্রু ঘোষণা করেছেন। ২০১৯ সালে দ্বিপক্ষীয় আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগও প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটন তাদের বৈরী নীতি এবং নিরস্ত্রীকরণের পূর্বশর্ত প্রত্যাহার না করা পর্যন্ত পিয়ংইয়ং আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।