ডেইলি বাংলাগ্রাম

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরুর সম্ভাব্য দিন ২১ জানুয়ারি

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার প্রস্তুতি চলছে।

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরুর সম্ভাব্য দিন ২১ জানুয়ারি

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার প্রস্তুতি চলছে। মোট পাঁচ ধাপে এই ভোটগ্রহণ হতে পারে, যা ২০২৭ সালের ২৭ মে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করতে সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) একটি সভায় বসেছে। সভা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম দফায় আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হতে পারে। এরপর দ্বিতীয় দফায় ৪ ফেব্রুয়ারি ৭২৭টি এবং তৃতীয় দফায় ২ মে ৭৯০টি ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চতুর্থ দফায় আগামী ১৩ মে ৯৫১টি এবং পঞ্চম বা শেষ দফায় আগামী ২৭ মে অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষেই নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।