শাটডাউনের মধ্যে তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যেই নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যেই নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ সোমবার সকাল নয়টার দিকে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তিনি উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এর আগে একটি মাইক্রোবাসে এসে মূল ফটকে কেবল শিক্ষক পরিচয় দিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।
পরে কার্যালয়ে গিয়ে উপাচার্যের জন্য নির্ধারিত আসনে বসেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতারা জানান, তাঁরা নতুন উপাচার্যের সঙ্গেই ভবনের ভেতরে প্রবেশ করেছেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের জায়গায় চুয়েটের উপাচার্য করা হয়। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন এবং শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতিতে যান। এর ফলে গত ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এর আগে ২৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করলেও বিক্ষোভের কারণে এতদিন তিনি ক্যাম্পাসে আসতে পারেননি।