জ্বালানিনিরাপত্তা নিশ্চিতে সৌদির দীর্ঘমেয়াদি সহায়তা চাইল বাংলাদেশ
দেশের জ্বালানিনিরাপত্তা জোরদারে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
দেশের জ্বালানিনিরাপত্তা জোরদারে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং স্থল ও সমুদ্রে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান নিয়েও আলোচনা হয়েছে। রিয়াদে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ফাঁকে গতকাল রবিবার এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে বৈঠকে জ্বালানি খাতে বিদ্যমান অংশীদারত্ব বাড়ানোর আশ্বাস পাওয়া যায়। সেখানে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্য অর্জনে একটি সমঝোতা কাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়। এছাড়া প্রতিমন্ত্রী সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত ও আহতদের চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন। একই সফরে কাতারের জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবির সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ ও নতুন উৎস খোঁজার বিষয়ে আলোচনা হয়।
সফরে সৌদি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী তামের সেজ সেহানের সঙ্গেও আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে এই খাতে বিনিয়োগের নির্দিষ্ট পরিমাণ কিংবা প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।