আন্দোলন বন্ধের কোনো মুচলেকা দিইনি: মুক্তি পেয়ে সিজেপি নেতা দিপকে
হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) শীর্ষ নেতারা।
হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) শীর্ষ নেতারা। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লির বিশেষ আদালত থেকে ছাড়া পাওয়ার পর দলটির নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস এই সিদ্ধান্তের কথা জানান। এসআইআর ইস্যুতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে অভিজিৎ দিপকে জানান, আন্দোলন না করার শর্তে তারা কোনো মুচলেকায় সই করেননি এবং তারা আবারও রাজপথে নামবেন।
দিল্লি পুলিশ জানায়, আগামী এক বছর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার শর্তে ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তি দেয়। তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা তাদের আটক প্রক্রিয়াকে বেআইনি দাবি করেন। আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, একটি উড়োজাহাজ থেকে তাদের অপহরণের মতো করে তুলে নেওয়া হয়েছিল। সৌরভ দাস অভিযোগ তোলেন, তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছিল এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি এসআইআর ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানান।
এদিকে শনিবার প্রয়াত হওয়া দাদির শেষকৃত্যে অংশ নিতে মহারাষ্ট্রে নিজের এলাকায় যাচ্ছেন বলে জানিয়েছেন অভিজিৎ দিপকে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের আটক করা অব্যাহত রেখেছে। আটক ব্যক্তিদের মধ্যে সিপিআই(এম)-এর রাজ্যসভার সংসদ সদস্য জন ব্রিটাস ছাড়াও এসএফআই, আইসা ও কেওয়াইএস-এর মতো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।