দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি নিয়মিত ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। বাড়তি যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের ট্রেনে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ বগি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে ‘ঢাকা স্পেশাল-৩’ চলবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২’। এছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’। অন্যদিকে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের ছুটি প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেস ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেস ২৪ অক্টোবর নিয়মিত চলবে।
ট্রেনের সূচি ঠিক রাখতে এবং যাত্রী সুরক্ষায় গুরুত্বপূর্ণ জংশন ও সিগন্যাল কেবিনে তদারকি বাড়ানো হবে। রেললাইন ও সেতুতে নিয়মিত টহল থাকবে এবং প্রস্তুত রাখা হবে রিলিফ ট্রেন। নাশকতা ঠেকাতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ১৯ ও ২০ অক্টোবর ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেট।