সেন্টমার্টিন উন্মুক্ত হলেও জাহাজ চলাচল শুরু হয়নি, আটকে আছেন পর্যটকেরা
সরকারি সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন উন্মুক্ত করা হয়েছে।
সরকারি সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন উন্মুক্ত করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র, প্রশাসনিক অনুমোদন ও বিভিন্ন দপ্তরের ছাড়পত্র না মেলায় এখনো পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা যায়নি। ফলে দ্বীপে যাওয়ার সুযোগ থাকলেও পর্যটকেরা সেন্টমার্টিনে পৌঁছাতে পারছেন না।
জেলা প্রশাসন জানিয়েছে, জাহাজ চলাচলের অনুমতি, রুট পারমিট ও বিভিন্ন ছাড়পত্র সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে পর্যটক নিবন্ধনের প্রক্রিয়াও পুরোদমে চালু করা সম্ভব হয়নি। সব আনুষ্ঠানিকতা শেষ করা গেলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে পর্যটকবাহী জাহাজ চলতে পারে। সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণের পাশাপাশি রাতেও দ্বীপে থাকতে পারবেন।
দীর্ঘ এক বছর পর দ্বীপটিতে প্রবেশের অনুমতি মিললেও জাহাজ না চলায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা প্রায় ১২ হাজার মানুষের একটি বড় অংশ হোটেল, রেস্তোরাঁ ও নৌপরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। দ্বীপের প্রায় ১৫০টি হোটেল-রিসোর্ট পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত রয়েছে। শুধু এই খাতেই প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ কর্মী কাজ করছেন, কিন্তু পর্যটক না আসায় তাঁদের অলস সময় কাটাতে হচ্ছে।