বিগত সরকারের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার তাগিদ সংসদীয় কমিটির
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া অপ্রয়োজনীয় ও দুর্নীতির প্রকল্পগুলো বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া অপ্রয়োজনীয় ও দুর্নীতির প্রকল্পগুলো বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বিভিন্ন কাজের গুণগত মান বজায় রাখতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের জামানত বা ওয়ারেন্টি নেওয়ার প্রস্তাব করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব জানান, বিগত আমলে দুর্নীতির উদ্দেশ্যে নেওয়া প্রকল্পগুলো বাদ দিয়ে জনকল্যাণমুখী কাজগুলো দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে। যেকোনো অবকাঠামো নির্মাণের পর তিন বছর পর্যন্ত তা মেরামতের দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থাকে নিতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির জন্য কিছুটা সময় নিয়ে তফসিল দেওয়া উচিত। তবে আগামী বছরের শুরুর দিকে এই নির্বাচন শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে ডেঙ্গু নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আর্সেনিক কবলিত অঞ্চলে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার সুপারিশও করা হয়। সভাপতির পাশাপাশি বৈঠকে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান।