ডেইলি বাংলাগ্রাম

দেশজুড়ে দুর্গাপূজায় তিন ধাপে কঠোর নিরাপত্তা থাকবে: আইজিপি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশজুড়ে দুর্গাপূজায় তিন ধাপে কঠোর নিরাপত্তা থাকবে: আইজিপি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক বিশেষ সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পূজা শুরুর আগে, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনসহ পরবর্তী সময়ে—এই তিন ধাপে নিরাপত্তা দেওয়া হবে। চলতি বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সার্বিক নিরাপত্তায় পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সম্প্রীতি বজায় রাখতে পুলিশকে স্থানীয় নাগরিকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের দল, সোয়াত, ক্রাইম রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। একই সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সসহ অন্যান্য ইউনিটে চালু করা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং সেল।

পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে প্রয়োজনীয় আলো, বিকল্প জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে ৯৯৯ নম্বরে অথবা থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। সভায় হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা এতে ভার্চুয়ালি যুক্ত হন। পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।