এক বছরের শান্তির শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা
দিল্লি পুলিশের প্রতিরোধমূলক আটকাদেশ থেকে প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস।
দিল্লি পুলিশের প্রতিরোধমূলক আটকাদেশ থেকে প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। যন্তর মন্তরে পূর্বঘোষিত এক বিক্ষোভের আগে শনিবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়েছিল। রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তাঁদের ছাড়া হয়। এক বছর শান্তি ও ভালো আচরণ বজায় রাখার শর্তে এবং ৫০ হাজার রুপির বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই এই নেতাদের আটক ও মুক্তি দেওয়া হয়েছে। তবে সিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপকে বেআইনি আটকাদেশ হিসেবে দাবি করা হয়েছে এবং নেতাদের মুক্তিকে আইনি বিজয় বলে ঘোষণা করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদস্থলে বিক্ষোভকারীদের পৌঁছানো আটকাতে শনিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজধানী জুড়ে চালানো অভিযানের অংশ হিসেবে সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। সে সময় আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করলে একাধিক বিরোধী দলীয় নেতাও আটক হন।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু করে সিজেপিসহ বিরোধী দলগুলো। রবিবার আবারও যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। এই পরিস্থিতি ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ৩০ হাজারের বেশি সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।