সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পাসপোর্ট দেখিয়ে জার্মান নাগরিকত্ব থাকার দাবি প্রত্যাখ্যান করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পাসপোর্ট দেখিয়ে জার্মান নাগরিকত্ব থাকার দাবি প্রত্যাখ্যান করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পাসপোর্ট দেখিয়ে জার্মান নাগরিকত্ব থাকার দাবি প্রত্যাখ্যান করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হওয়ার পর একটি ভিডিও বার্তায় তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেন। তিনি জানান, দেশের অন্য সাধারণ নাগরিকদের মতো তাঁরও প্রতিবাদ করার সমান অধিকার রয়েছে। আটক করার ঘটনাকে ন্যায্যতা দিতেই কিছু মাধ্যম তাঁর জাতীয়তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল বলে তিনি অভিযোগ করেন।
এই বিতর্কের সূত্রপাত হয় গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধনবিরোধী একটি কর্মসূচিতে রাঠির অংশগ্রহণের পর। এর প্রেক্ষিতে ৯ অক্টোবর বিজেপির নেতা ও বেঙ্গালুরুর সাবেক পুলিশ কমিশনার ভাস্কর রাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রাঠির নাগরিকত্ব ও ভিসার শর্ত পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। এরপর ১০ অক্টোবর শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার আগেই গুরুগ্রামের বাসভবন থেকে রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ জানায়, অনুমতিহীন ওই জমায়েত ঠেকাতেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আটক করা হয়েছিল।
ছাড়া পাওয়ার পর রাঠি অভিযোগ করেন, সাদা পোশাকের প্রায় ২০ জন ব্যক্তি তাঁর শোবার ঘর থেকে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তাঁকে কোনো আইনজীবী বা ফোনের সুবিধা দেওয়া হয়নি। তিনি এটিকে গ্রেপ্তারের বদলে 'অপহরণ' বলে আখ্যা দেন এবং তাঁর বাবা-মাকে হেনস্তা করার অভিযোগ তোলেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা ওই বিক্ষোভের আগে রাঠিসহ আরও বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করেছিল।