চেন্নাইয়ে বিজয়ের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক, রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা
চেন্নাইয়ের নীলাঙ্করাই এলাকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সভাপতি সি জোসেফ বিজয়ের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
চেন্নাইয়ের নীলাঙ্করাই এলাকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সভাপতি সি জোসেফ বিজয়ের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজয়ের বাড়িতে প্রায় এক ঘণ্টা সময় কাটান। দলীয় সূত্র অনুযায়ী, দুই নেতার মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে যুবসমাজের নানা সমস্যা, বেকারত্ব, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং নিট (NEET) পরীক্ষার বিরোধিতার বিষয়গুলো প্রাধান্য পায়। পাশাপাশি ভোটার তালিকার অসঙ্গতি এবং ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা নিয়েও কথা বলেন তাঁরা। বৈঠক শেষে দুই নেতা স্থানীয় একটি ক্যাফেতে যান। তবে এই সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
বৈঠকের পর তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসের সভাপতি মানিকম টেগোর জানান, টিভিকে দল ইতিমধ্যেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অংশ, তাই নতুন ঘোষণার প্রয়োজন নেই। এদিকে শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আইল্যান্ড গ্রাউন্ডসে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক এক যুব কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। সেখানে কড়া নিরাপত্তার অংশ হিসেবে কেবল কিউআর কোড থাকা ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়।