বিএনপির সংরক্ষিত নারী এমপি জেরিন খানের সুপারিশে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা
ফরিদপুরের বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আব্দুর রউফ খান।
ফরিদপুরের বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আব্দুর রউফ খান। বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের সুপারিশপত্রের ভিত্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাকে এই দায়িত্ব দেয়। গত ১২ সেপ্টেম্বর সংসদ সদস্য ওই সুপারিশ পাঠান। এরপর ৮ অক্টোবর মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান চার সদস্যের এই এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেন।
কমিটি অনুমোদনের পর আব্দুর রউফ খানের রাজনৈতিক পরিচয় সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে তাকে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা রয়েছে। ওই পোস্টারে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমানের ছবিও ছিল। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের নির্বাচনী সভাতেও তাকে দেখা গেছে। তবে আব্দুর রউফ খান কোনো রাজনৈতিক পদে থাকার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, সংসদ সদস্যের সুপারিশের বিষয়টি তার জানা নেই এবং তিনি নিয়ম অনুযায়ী প্রশাসনের মাধ্যমে আবেদন করেছিলেন।
অন্যদিকে রাজনৈতিক পরিচয় না জেনে সুপারিশ করায় দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি জানান, ফরিদপুর-১ আসনের সবাইকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধেই তিনি ওই সুপারিশপত্রে স্বাক্ষর করেছিলেন। ওই ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের নেতা—তা তার জানা ছিল না। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।