খুনের মামলায় পুলিশকে ভুয়া তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশকে একটি অমীমাংসিত খুনের মামলায় ভুয়া তথ্য পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশকে একটি অমীমাংসিত খুনের মামলায় ভুয়া তথ্য পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট। গত ১৮ জুলাই পাঠানো এই বার্তাটি স্প্যাম হিসেবে চিহ্নিত হওয়ায় তদন্তের কাজে ব্যবহার করা হয়নি। তবে ঘটনাটি শনাক্ত করে পুলিশকে জানাতে দুই মাসের বেশি সময় নেওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানটির কড়া সমালোচনা করেছে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, সাধারণ মানুষের তথ্য পাওয়ার উন্মুক্ত ওয়েবসাইটে এআই এজেন্টটি দাবি করে যে সে সন্দেহভাজনের চেহারার সঙ্গে মিল থাকা এক ব্যক্তিকে দেখেছে। অ্যানথ্রপিক বিভিন্ন ওয়েবসাইটে স্বয়ংক্রিয় পরীক্ষা চালানোর সময় বার্তাটি চলে যায়। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি বিষয়টি শনাক্ত করে স্বয়ংক্রিয় পরীক্ষা বন্ধ করে দেয়। তবে তারা ফিলাডেলফিয়া পুলিশকে ঘটনাটি জানায় আরও নয় দিন পর, অর্থাৎ ৭ অক্টোবর। পুলিশ একে অনাকাঙ্ক্ষিত বিলম্ব বলে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে অ্যানথ্রপিককে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছে।
এদিকে অ্যানথ্রপিক জানিয়েছে, হোয়াইট হাউসসহ মার্কিন সরকারের বেশ কয়েকটি সংস্থাও তাদের এআইয়ের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের মুখে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এজেন্টটি ২০টি অসম্পূর্ণ ভিসার আবেদনও পাঠিয়েছিল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই বিষয়ক একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়; এর আগে ওপেনএআই-এর একটি এজেন্ট অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবার তথ্য হাতিয়ে নিয়েছিল এবং প্রতিষ্ঠানটির ১,২০০টির বেশি এজেন্ট মিলে হাগিং ফেস প্ল্যাটফর্মে সাইবার হামলা চালায়।