ডেইলি বাংলাগ্রাম

কর্তৃপক্ষের অপছন্দ হলেই শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ হয়ে যায় না: কলকাতা হাইকোর্ট

কর্তৃপক্ষের অপছন্দ হলেই শান্তিপূর্ণ প্রতিবাদকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

কর্তৃপক্ষের অপছন্দ হলেই শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ হয়ে যায় না: কলকাতা হাইকোর্ট

কর্তৃপক্ষের অপছন্দ হলেই শান্তিপূর্ণ প্রতিবাদকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০২১ সালে শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ছয়জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে থাকা এফআইআর ও ফৌজদারি কার্যক্রম বাতিল করেছে আদালত। বিচারপতি অনুজ সিং জানান, ভিন্নমত পোষণ ও শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।

তৃণা হালদারসহ ছয় চাকরিপ্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। ২০২১ সালের ৫ আগস্ট সল্টলেকের ময়ূখ ভবন থেকে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় চাকরিপ্রার্থীরা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন। এরপর বিধাননগর উত্তর থানা পুলিশ তাঁদের বিরুদ্ধে ১৪৪ ধারা ও করোনা বিধিভঙ্গ, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে। ওই ঘটনায় ছয় আবেদনকারীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিচারপতি অনুজ সিং উল্লেখ করেন, এজাহারে বেআইনি সমাবেশের আবশ্যক উপাদানগুলো প্রমাণ করতে ব্যর্থ হয়েছে পুলিশ। শুধুমাত্র দাবি নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেওয়াকে আইন অনুযায়ী বেআইনি সমাবেশ বলা যায় না। এছাড়া ১৪৪ ধারার কোনো লিখিত নথি উপস্থাপন করা হয়নি এবং সাধারণ মানুষ বা কর্মকর্তাদের চলাচলে বাধা দেওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্যও এজাহারে নেই। আন্দোলন করার কারণে মামলা চালানোকে ভিত্তিহীন ও হয়রানিমূলক উল্লেখ করে আদালত পুরো প্রক্রিয়াটি খারিজ করে দেয়।