ডেইলি বাংলাগ্রাম

৭ অক্টোবরের ফোন কলের নথি বিকৃতির অভিযোগ নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের সরকারি নথি বিকৃতির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক সামরিক সচিব আভি গিল।

৭ অক্টোবরের ফোন কলের নথি বিকৃতির অভিযোগ নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের সরকারি নথি বিকৃতির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক সামরিক সচিব আভি গিল। তাঁর দাবি, ওই দিন সকালে হওয়া একটি গুরুত্বপূর্ণ ফোন কলের সময় বদলে ফেলা হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক স্টেনোগ্রাফার তাঁকে জানান, চার মিনিটের একটি কলের সময় ভোর ৬টা ৪০ মিনিটের বদলে ৬টা ২৯ মিনিট দেখানোর নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ।

৫৪ বছর বয়সী আভি গিল ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই ঘটনার বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে অ্যাটর্নি জেনারেলকে লিখিতভাবে জানিয়েছিলেন। গিল আরও বলেন, ৭ অক্টোবরের আগে নিরাপত্তা কর্মকর্তারা গাজায় সুনির্দিষ্ট অভিযানের সুপারিশ করলেও রাজনৈতিক নেতৃত্ব তা নাকচ করে দেয়। এ ছাড়া ২০২৩ সালের জুলাইয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের তৎকালীন প্রধান রনেন বার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন।

নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য উল্টো গিলকেই দায়ী করেছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের প্রচারের মধ্যেই এই বিতর্ক সামনে এলো। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে সেখানকার ৯০ শতাংশ অবকাঠামো। যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।