ডেইলি বাংলাগ্রাম

গাজাবাসীকে মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগে তোপের মুখে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিথ্যা আশা দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজাবাসীকে মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগে তোপের মুখে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিথ্যা আশা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘোষিত একটি নিরাপদ পুনর্বাসন কর্মসূচি কেবল লেবানন ও জর্ডানে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য প্রযোজ্য বলে জানা গেছে। ফলে অবরুদ্ধ গাজায় আটকে থাকা ফিলিস্তিনিরা সরাসরি এই সুবিধার সুযোগ পাচ্ছেন না।

গত মাসে লেবার পার্টির বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই শরণার্থী পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর ঘোষণা দেন। সেখানে বলা হয়েছিল, প্রতি চারজন রেফারেলের মধ্যে একজন হবেন যুদ্ধপীড়িত ফিলিস্তিনি শরণার্থী কিংবা আফগান নারী। তবে অধিকার সংগঠন ‘কমিউনিটিজ ফর প্যালেস্টাইনিয়ানস’ জানায়, গাজা থেকে সরাসরি আবেদন করা যাবে না—এই গুরুত্বপূর্ণ তথ্যটি সে সময় গোপন রাখা হয়েছিল। কর্মসূচি তদারককারী সংস্থা ‘আইর‌্যাপ’ নিশ্চিত করেছে, জর্ডান ও লেবানন থেকে কেবল অতি জরুরি অল্প কিছু আবেদন বিবেচনা করা হবে।

সমালোচনার জবাবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শরণার্থী সুবিধা পেতে হলে আবেদনকারীকে নিজ দেশের বাইরে থাকতে হয়। এই কারণে গাজায় অবস্থানরত ব্যক্তিরা এই তালিকায় পড়ছেন না। অভিবাসন বিশেষজ্ঞ ড. পিটার ওয়ালশও উল্লেখ করেছেন, সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে কাউকে নেওয়ার প্রক্রিয়া পুনর্বাসন নয় বরং জরুরি উদ্ধার অভিযান। গাজার ক্ষেত্রে এমন কার্যক্রম চালাতে ইসরায়েল ও মিসরের অনুমতি ছাড়াও কঠোর নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।