দক্ষতা ও ভাষা শিখলেই বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ
ভাষা ও প্রয়োজনীয় কাজের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মীদের বিনামূল্যে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
ভাষা ও প্রয়োজনীয় কাজের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মীদের বিনামূল্যে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। খুব দ্রুতই সীমিত পরিসরে এই প্রক্রিয়া শুরু করা হবে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
ইতালিয়ান দূতাবাস ও তাদের আন্তর্জাতিক সহযোগীদের উদ্যোগে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, দক্ষ জনবল তৈরি এবং অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় বিদেশি ভাষা অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবাসীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আড়াই লাখেরও বেশি বাংলাদেশি ইতালিতে অবস্থান করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
ইতালির এই সফল প্রশিক্ষণ মডেলটি ভবিষ্যতে অন্যান্য দেশ ও খাতে ছড়িয়ে দেওয়ার কথা জানান উপদেষ্টা। এজন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বোয়েসেলকে সমন্বিতভাবে কাজের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইওএমের মিশন প্রধান ড. লরা টম বন্ডে, ইতালির উপ-মিশন প্রধান ডা. ফেদেরিকো জামপারেল্লি, ইইউ প্রতিনিধিদলের উপ-প্রধান বাইবা জারিনা এবং ইতালিয়ান দূতাবাসের অভিবাসন উপদেষ্টা জুসেপ্পে দি জিওভান্নি।