ডেইলি বাংলাগ্রাম

এক মাসে দেশে এক সাংবাদিক খুন ও ২৭ জন নির্যাতনের শিকার

গত অক্টোবর মাসে সারা দেশে অন্তত ২৮ জন সংবাদকর্মী হত্যা, শারীরিক হামলা, আইনি হয়রানি ও হুমকির মুখে পড়েছেন।

এক মাসে দেশে এক সাংবাদিক খুন ও ২৭ জন নির্যাতনের শিকার

গত অক্টোবর মাসে সারা দেশে অন্তত ২৮ জন সংবাদকর্মী হত্যা, শারীরিক হামলা, আইনি হয়রানি ও হুমকির মুখে পড়েছেন। এর মধ্যে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী ও সন্ত্রাসীদের হামলায় ১৮ জন আহত হয়েছেন এবং ৯ জন আইনি হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) তাদের মাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। মঙ্গলবার সংস্থাটির গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছানের সই করা প্রতিবেদনে বলা হয়, মাসজুড়ে সাংবাদিকদের কাজের পরিবেশ ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নেত্রকোনার দুর্গাপুরের তেলনজিয়া গ্রামে চায়ের দোকানে থাকা অবস্থায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুই বন্দুকধারী। অনিয়ম ও দুর্নীতি নিয়ে লেখার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে সহকর্মীদের ধারণা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়ার ভিডিও করায় চার সাংবাদিকের ওপর হামলা চালায় ছাত্রদল কর্মীরা। গাজীপুরের টঙ্গীতে এক সংবাদকর্মীকে তুলে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পাশাপাশি এক কোটি টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। ঝিনাইদহে কলেজের অনিয়ম তুলে ধরতে গিয়ে অধ্যক্ষের মদদে হামলার শিকার হয়ে মিথ্যা মামলায় কারাগারে যান দুই সাংবাদিক।

প্রতিবেদনে আইনি হয়রানি ও হুমকির চিত্রও উঠে এসেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের মামলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অন্যদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। গণমাধ্যমের ওপর এসব আক্রমণকে অশনিসংকেত উল্লেখ করে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের কাজের নিরাপত্তা চেয়েছে বিএজে।