অনিবাসীদের অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বিদেশে পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
অনিবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার দেওয়া এবং এর বিপরীতে অর্জিত লভ্যাংশ বিদেশে পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
অনিবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার দেওয়া এবং এর বিপরীতে অর্জিত লভ্যাংশ বিদেশে পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এখন থেকে আগাম অনুমোদন ছাড়াই এসব শেয়ার ইস্যু ও লভ্যাংশ বিদেশে পাঠানো যাবে। মঙ্গলবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন নিয়মে বলা হয়েছে, দেশের কোম্পানিগুলো বিদেশি বা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ছাড়তে পারবে। এই সীমার মধ্যে শেয়ার ইস্যুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের কোনো পূর্বানুমতি লাগবে না। তবে শেয়ার দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে। কোনো প্রতিষ্ঠান ৫ শতাংশের বেশি লভ্যাংশ দিতে চাইলে কারণ দর্শিয়ে আগে থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
নির্দেশনায় আরও জানানো হয়, অগ্রাধিকার শেয়ারের বিপরীতে প্রাপ্য লভ্যাংশ বাইরে পাঠানো এবং শেয়ারের অর্থ পরিশোধের ক্ষেত্রেও আলাদা ছাড়পত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া এসব শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তরের পদ্ধতি এবং শেয়ার ছাড়ার পর করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।