বাংলাদেশের পোশাক খাতের পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে: রণধীর জয়সোয়াল
বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ এবং সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত সতর্ক নজর রাখছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ এবং সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত সতর্ক নজর রাখছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ওপর তাদের দৃষ্টি রয়েছে। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত আধা সামরিক বাহিনী নিয়োজিত করেছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভের কারণে ঢাকা, গাজীপুর ও মধ্য ময়মনসিংহে অবস্থিত প্রায় চার হাজার নিবন্ধিত কারখানার মধ্যে ৬৭০টি বন্ধ রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন রণধীর জয়সোয়াল। গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অভিন্ন নদীর বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনই নির্ধারিত মাধ্যম। ১৯৯৬ সালের ডিসেম্বরে সই হওয়া ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, তাঁকে আগেই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং এ সংক্রান্ত নতুন তথ্য পরে জানানো হবে।