সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান
জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নিচ্ছেন।
জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নিচ্ছেন। তাঁরা হলেন ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর এলিজা জামান। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তাঁদেরকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট। পরে শনিবার নির্বাচন কমিশন এ বিষয়ে গেজেট প্রকাশ করে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে সংরক্ষিত নারী আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ১ অক্টোবর বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি খালি হয়েছিল। এরপর ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল দেয় কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য থাকলেও একমাত্র প্রার্থী হিসেবে থাকায় ভোটের প্রয়োজন পড়েনি।