ডেইলি বাংলাগ্রাম

কৃষক কার্ডধারীদের মুঠোফোনে যাবে আবহাওয়ার আগাম বার্তা

কৃষক কার্ডের গ্রাহকদের মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার আগাম বার্তা পাঠানো হবে।

কৃষক কার্ডধারীদের মুঠোফোনে যাবে আবহাওয়ার আগাম বার্তা

কৃষক কার্ডের গ্রাহকদের মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার আগাম বার্তা পাঠানো হবে। এর মাধ্যমে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনসহ বৈরী আবহাওয়ার তথ্য কৃষকরা আগেভাগেই জানতে পারবেন। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতি ছয় ঘণ্টা পরপর এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী একাধিকবার বার্তা পাঠানো হবে। সরকারের এই কর্মসূচির অধীনে আবহাওয়া সংকেতের পাশাপাশি কৃষি উপকরণ, স্বল্প সুদে ঋণ, সেচ ও কৃষিবীমাসহ মোট ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা। আগামী চার বছরের মধ্যে সারা দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলার ১ হাজার ৬৮১টি ব্লকে ২২ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ৯ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ১ লাখ ৪৭ জন কৃষককে উপকরণ সহায়তার আওতাভুক্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত পাইলটিং কার্যক্রমে আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষক কার্ড পান। তখন ২০ হাজার ৪৮০ জন কৃষককে বছরে আড়াই হাজার টাকা করে মোট ৫ কোটি ১২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়।

কৃষি তথ্য সার্ভিস কৃষকদের মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে। মাঠপর্যায়ে কর্মসূচিটি বাস্তবায়নে কাজ করছে ‘পার্টনার’ প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান জানান, আবহাওয়ার আগাম তথ্য পেলে কৃষকরা সেচ ব্যবস্থাপনা, সার প্রয়োগ ও ফসল কাটার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কৃষক কার্ড সেলের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. রাকিবুজ্জামান খান জানান, কৃষকদের তথ্যভান্ডার গড়ে তোলার মাধ্যমে আধুনিক সেবা ও সহায়তা পৌঁছানো সহজ হচ্ছে। সরকার পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ব্লকে এই সেবা সম্প্রসারণ করবে।