টাঙ্গাইলের বাবুপুরে খেলার মাঠ তৈরিতে প্রায় সাড়ে চার কোটি টাকা দিচ্ছে সরকার
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে খেলার মাঠের বাকি জমি কিনতে ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা দিচ্ছে সরকার।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে খেলার মাঠের বাকি জমি কিনতে ৪ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা দিচ্ছে সরকার। রোববার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সহায়তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মাঠ তৈরির জন্য প্রয়োজনীয় জমি কেনার এই অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
বাবুপুর গ্রামের বাসিন্দারা নিজেদের চাঁদার টাকায় মাঠের জন্য আগে ৫৯ শতাংশ জমি কিনেছিলেন। এছাড়া জমির মালিক আরও ১ শতাংশ জমি দান করায় মোট জমির পরিমাণ দাঁড়ায় ৬০ শতাংশে। নতুন পরিকল্পনা অনুযায়ী একটি পূর্ণাঙ্গ মাঠের জন্য মোট ১৮০ শতাংশ জমি প্রয়োজন। ফলে বাকি থাকা ১২০ শতাংশ জমি কিনতে সরকারি এই অর্থ ব্যয় করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদে স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের কর্মকর্তাদের ডেকে প্রতিমন্ত্রী সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে ধান কাটার পর খালি জমিতে গ্রামের শিশুদের খেলাধুলা ও স্থানীয়দের মাঠ তৈরির উদ্যোগ নিয়ে গত ৩০ অক্টোবর একটি খবর প্রকাশিত হয়। মাঠ তৈরির অন্যতম উদ্যোক্তা খোরশেদ আলম সরকারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, নিজেদের কেনা জমিসহ পুরো ১৮০ শতাংশ জায়গায় সরকার মাঠ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় পুরো গ্রামবাসী আনন্দিত।