ডেইলি বাংলাগ্রাম

কক্সবাজারে রাতে শিক্ষার্থীদের অহেতুক আড্ডায় গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা বা রাতে বিনা কারণে বাইরে আড্ডা দিলে তাদের গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।

কক্সবাজারে রাতে শিক্ষার্থীদের অহেতুক আড্ডায় গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা বা রাতে বিনা কারণে বাইরে আড্ডা দিলে তাদের গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছে পুলিশ। কিশোর গ্যাং নির্মূলে এই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। শনিবার সন্ধ্যায় শহরের লালদিঘির পাড়ে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ডিআইজি বলেন, পর্যটন শহরে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না। অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কিশোর অপরাধ ঠেকাতে সন্তানেরা কোথায় যাচ্ছে এবং কাদের সঙ্গে আড্ডা দিচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া যৌতুকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং মানসিকতা পরিবর্তনের ওপরও তিনি জোর দেন।

‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম ও কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা নাসিমা আক্তার।