ডেইলি বাংলাগ্রাম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: মিলেছে সংশ্লিষ্টতার প্রমাণ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরি হত্যাকাণ্ডে তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: মিলেছে সংশ্লিষ্টতার প্রমাণ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরি হত্যাকাণ্ডে তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাঁকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুতে দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ এসেছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংগৃহীত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফকে দীপের সঙ্গে দেখা গেছে। দীপ তাঁকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গেলেও পরে একাই ফিরে আসেন। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, তদন্তে দীপের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাঁকে আটকে রাখা প্রয়োজন, কারণ বাইরে থাকলে তিনি তদন্তকাজে বাধা সৃষ্টি করতে পারেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। পরবর্তীতে শুক্রবার গভীর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।