ডেইলি বাংলাগ্রাম

ই-রিকশা চলাচলে নতুন নীতিমালা জারি: নিষিদ্ধ প্রধান সড়ক, গতিতেও নিয়ন্ত্রণ

জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের করিডোরে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

ই-রিকশা চলাচলে নতুন নীতিমালা জারি: নিষিদ্ধ প্রধান সড়ক, গতিতেও নিয়ন্ত্রণ

জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের করিডোরে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত সড়কে চলাচলের সময় এসব ই-রিকশাকে সবসময় বাঁ দিকের লেন ব্যবহার করতে হবে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন বিধিমালা অনুসারে, স্বাভাবিক পরিস্থিতিতে ই-রিকশার গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার হতে পারবে। তবে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও জনাকীর্ণ এলাকায় এর সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৫ কিলোমিটার। এছাড়া বাহনের আকার অনুযায়ী চালকের সঙ্গে সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী পরিবহন করা যাবে। যাত্রীর সঙ্গে থাকা সাধারণ মালামাল ছাড়া এতে কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না।

প্রজ্ঞাপনে শব্দের মাত্রাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ই-রিকশায় ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন লাগানো যাবে না। নতুন এই নীতিমালায় ই-রিকশার চলাচলের এলাকা ও গতির পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া, ফি, ফিটনেস, প্রযুক্তিগত মান এবং চালকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত শর্তাবলি উল্লেখ করা হয়েছে।