এক দফার পূর্বে জনগণের সাত দফা মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের প্রতি এক দফার আগে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের প্রতি এক দফার আগে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে যশোরের মুড়লীর মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের এক পথসভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, এই সাত দফা দাবি কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের প্রাণের দাবি। গণভোটের রায় অগ্রাহ্য করে সরকার মানুষকে অপমান করেছে। জনগণ তাদের রায় কার্যকরের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেবে।
বক্তব্যে গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক ইতিবাচক রায় দিয়েছিলেন। কিন্তু ক্ষমতাসীনরা সেই রায় মেনে নেয়নি। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে এই রায় বাস্তবায়ন সবচেয়ে জরুরি। এছাড়া সরকারি কার্ড বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, জনগণের টাকায় তৈরি কার্ড কেন সাধারণ মানুষ পাচ্ছে না। তাই সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি তাগিদ দেন।
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং নায়েবে আমির মাওলানা হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখেন। এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান ও ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। প্রায় ১৫ মিনিট বক্তব্যের পর নেতৃবৃন্দ কুষ্টিয়ার উদ্দেশ্যে লংমার্চ নিয়ে যাত্রা শুরু করেন।