ডেইলি বাংলাগ্রাম

নয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯ ও ধর্ষণের শিকার ৬১৭ জন

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনায় ১০৯ জন প্রাণ হারিয়েছেন।

নয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯ ও ধর্ষণের শিকার ৬১৭ জন

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনায় ১০৯ জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৭৯২ জন। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬১৭ জন নারী ও শিশু, যার মধ্যে ৩৮৮ জনই অপ্রাপ্তবয়স্ক শিশু। এ ছাড়া বিভিন্ন স্থানে গণপিটুনিতে নিহত হয়েছেন ৭৪ জন এবং সীমান্তে বিএসএফের হাতে প্রাণ গেছে ১১ জন বাংলাদেশির।

এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা ১৬৯টি হামলা ও হয়রানির শিকার হয়েছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২২ জন নারী। দেশের ৭৫টি কারাগারে ৪৩ হাজার ১৫৭ জনের ধারণক্ষমতা থাকলেও সেখানে রাখা হয়েছে ১ লাখ ৫ হাজার ১০২ জন বন্দি। এই নয় মাসে কারাগারে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১০ জন এবং আদালতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে ২০০ জনকে।

আইনি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও নানা সংকট দেখা গেছে। গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইনের কিছু ধারা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন আইনে কমিশনের নিজ উদ্যোগে তদন্তের ক্ষমতা সীমিত করা হয়েছে। পাশাপাশি র‍্যাবের জনবল ও সম্পদ নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে হস্তান্তরের আইন পাস হয়েছে। এর বাইরে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়া এবং পুলিশে নিয়োগ ও বদলিতে অর্থ লেনদেনের তথ্যও সামনে এসেছে।