ডেইলি বাংলাগ্রাম

টাকার বিনিময়ে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া নেতাকর্মীদের হুঁশিয়ারি মির্জা আব্বাসের

ভারত থেকে দেশে ফেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস।

টাকার বিনিময়ে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া নেতাকর্মীদের হুঁশিয়ারি মির্জা আব্বাসের

ভারত থেকে দেশে ফেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস। তিনি জানান, বিএনপিরই কিছু ব্যক্তি এই অপকর্মে জড়িয়ে পড়েছে। রাজধানীতে আয়োজিত এক দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এমন অভিযোগ করেন। একই সঙ্গে দলের ভেতরের সুযোগসন্ধানীদের কোনো ছাড় না দিয়ে প্রতিহত করার নির্দেশ দেন তিনি।

সমাবেশে মির্জা আব্বাস জানান, আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নিচ্ছেন। তাই সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, দলের কিছু মানুষ টাকার জন্য নিজেদের সত্ত্বা বিক্রি করে তাদের আশ্রয় দিচ্ছে। এ ধরনের ব্যক্তি এবং আওয়ামী লীগের কাউকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, দলের ক্ষতি করলে নিজের ঘনিষ্ঠ জন কিংবা আত্মীয় হলেও কাউকে রেয়াত করা হবে না। যারা কেবল অর্থ উপার্জনের ধান্দায় নেমেছে, তাদের বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপি রাজপথ ও সাধারণ মানুষের দল উল্লেখ করে তিনি জানান, সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।