গায়ক অন্তুর বিরুদ্ধে শ্লীলতাহানির প্রমাণ মেলেনি, উল্টো বাদীর বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সঙ্গীতশিল্পী আবু জাহিদ ওরফে অন্তুর বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সঙ্গীতশিল্পী আবু জাহিদ ওরফে অন্তুর বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুন তাজরি অরার করা মামলায় অন্তুর কোনো সংশ্লিষ্টতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে তদন্তকারী কর্তৃপক্ষ। একই সঙ্গে সাজানো মামলা দায়েরের অপরাধে বাদী অরার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ফটোশুটের কথা বলে গুলশানের একটি বাসায় ডেকে নিয়ে গত ২ মে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনে ৩১ মে মামলা করেছিলেন অরা। তবে তদন্তে নেমে ভবনের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও সাক্ষীদের বক্তব্যে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাদীর শারীরিক পরীক্ষাতেও কোনো আঘাত বা নিপীড়নের আলামত মেলেনি। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অন্তুকে হেয় প্রতিপন্ন করা এবং বিয়ের চাপ তৈরির লক্ষ্যেই এই অসত্য অভিযোগ তোলা হয়েছিল।
গত ৩১ জুলাই জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে অন্তুকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগের প্রমাণ না পাওয়ায় নিয়ম মেনে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অন্যদিকে অন্তু জানান, কোনো রকম যাচাই-বাছাই ছাড়া মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ায় তিনি সামাজিকভাবে ও ব্যবসায়িকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।