তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধু দীপের বক্তব্য যাচাই করছে পিবিআই
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি উল্লেখ করেন, দীপের দেওয়া সব কথা তারা বিশ্বাস করছেন না। নিশ্চিত হওয়ার জন্য প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এনায়েত হোসেন মান্নান জানান, নৌ পুলিশের তদন্তে সহায়তা করতে পিবিআই এই ঘটনার ছায়া তদন্ত পরিচালনা করছে। তদন্তের সূত্রে জানা যায়, সাউরি নিখোঁজ হওয়ার রাতে তার সঙ্গে দীপ উপস্থিত ছিলেন। বর্তমানে দীপ পিবিআইয়ের হেফাজতে রয়েছেন। তার তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হলেও সেটি সাউরির কি না, তা কাগজপত্র পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ওই রাতে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, তাও অনুসন্ধান করা হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশের পোশাক পরা দুজনকে দেখে দৌড়ে পালানোর দাবি করেছেন দীপ। তবে ওই দুই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলটি তিন দিকে নদীঘেরা একটি খোলা মাঠ। তাই দীপের বক্তব্যের সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য মেলানো হচ্ছে। কোনো তথ্য চূড়ান্তভাবে নিশ্চিত না হয়ে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।