ডেইলি বাংলাগ্রাম

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ আবাসন পরিদপ্তরের

সরকারি বাসা বা ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়া বা সাবলেট থাকলে তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরানোর নির্দেশ আবাসন পরিদপ্তরের

সরকারি বাসা বা ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়া বা সাবলেট থাকলে তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এই সময়সীমার মধ্যে নির্দেশ বাস্তবায়ন না করলে বাসার বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিদর্শনে দেখা গেছে অনেকেই সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া দিয়েছেন। এই ধরনের কাজ বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ পরিপন্থী। তাই যাঁরা নিয়ম ভেঙে বাসা সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাঁদের দ্রুত ভাড়াটিয়া নামিয়ে দিয়ে নিজেদের বসবাস নিশ্চিত করতে হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত তারিখের পর এমন অনিয়ম দেখা গেলে কোনো প্রকার নোটিশ ছাড়াই তাৎক্ষণিকভাবে বরাদ্দ বাতিল করা হবে। এ ছাড়া বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুসারে অপরাধীর দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। পাশাপাশি অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।