মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চায় বিআরটিএ
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পূর্বনির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে সময়টি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। দেশে বিপুলসংখ্যক মোটরসাইকেল থাকায় আগের নির্ধারিত সময়ে এই কাজ শেষ করা কঠিন বলে জানিয়েছে সংস্থাটি। তবে সময়সীমা বৃদ্ধির বিষয়টি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে।
বিআরটিএর চেয়ারম্যানের আবেদনে জানানো হয়েছে, দেশে মোট নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে প্রায় ৫০ লাখই মোটরসাইকেল, যা মোট যানের প্রায় ৭৪ শতাংশ। এত বেশি মোটরসাইকেলে অল্প সময়ে নম্বরপ্লেট যুক্ত করা অত্যন্ত জটিল। পাশাপাশি এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা মোটরসাইকেল মালিকদের বিভিন্ন প্রতিক্রিয়া ও মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।
এর আগে সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২ অনুযায়ী পেছনের অনুমোদিত প্লেটের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এতে স্কুটারের সামনের প্লেটের দৈর্ঘ্য ২০০ ও প্রস্থ ১০০ মিলিমিটার এবং অন্য মোটরসাইকেলের দৈর্ঘ্য ২৮৫ ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়। উভয় প্লেটেই অক্ষরের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার এবং স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের ওপর সাদা জমিনে কালো বাংলা অক্ষর ব্যবহারের শর্ত দেওয়া হয়। নিজ দায়িত্বে এটি যুক্ত না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ছিল।