এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব: আমদানিকারকেরা বর্তমান কমিশনের তুলনায় দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ কমিশন বৃদ্ধির দাবি জানান
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনায় গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনায় গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আমদানিকারকেরা বর্তমান কমিশনের তুলনায় দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ কমিশন বৃদ্ধির দাবি জানান।
বিইআরসিতে জমা দেওয়া আবেদন অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান কমিশন ১৯১ টাকা। এটি বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব করেছে। পাশাপাশি পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার আবেদন করা হয়েছে।
দেশে এলপিজি আমদানির জন্য নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি। তবে নিয়মিত গ্যাস আমদানি করে মাত্র ছয়টি প্রতিষ্ঠান। অন্যদিকে আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কার্যক্রমে যুক্ত রয়েছে ১২টি কোম্পানি।