ডেইলি বাংলাগ্রাম

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকেও জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকেও জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে বড় পর্দায় ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণের পর তিনি এ কথা বলেন। সিইসি জানান, একটি অবাধ ও সংঘাতমুক্ত নির্বাচন উপহার দিতে কেন্দ্র থেকে পুরো পরিস্থিতি তদারকি করা হচ্ছে। এছাড়া প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের তোলা বিভিন্ন অভিযোগ এরই মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী অঞ্চল নিয়ে গঠিত এই আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি কক্ষে ভোট গ্রহণ চলছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং গণনা শেষে কেন্দ্রেই ফল প্রকাশ করা হবে। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং হিজড়া ভোটার চারজন। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে মাঠে রয়েছে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এছাড়া চারজন বিদেশি এবং ১৭৭ জন স্থানীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফয়সল আমীন, ১১-দলীয় ঐক্যের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। নির্বাচনের ফলাফল সংগ্রহের মূল কেন্দ্র করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমিকে।