কাজে অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানো হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। কাজের গতি বাড়াতে এবং অনাবশ্যক হস্তক্ষেপ বন্ধ করতে আইন সংশোধন করে দেশের সব ওয়াসা থেকে পরিচালনা বোর্ড তুলে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে দৈনিক পানির চাহিদা ও জোগান উভয়ই ৩১৪ কোটি লিটার। বর্তমানে উত্তোলিত পানির ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ উপরিভাগের উৎস থেকে আসে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে মাটির নিচের পানির ওপর নির্ভরতা ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার তাগিদ দেন তিনি। এ জন্য দাসেরকান্দি শোধনাগার থেকে গুলশান, বনানী ও বারিধারায় পাইপলাইন সংযোগের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পূর্বাচলে ওয়াটার নেটওয়ার্কের ডিপিপি তৈরি, মিটার ও বিলিংয়ে অটোমেশন এবং ২০৫০ সালের চাহিদাকে বিবেচনায় রেখে নতুন জনবল কাঠামো মন্ত্রণালয়ে জমার নির্দেশ দেন তিনি।
অবৈধ পানির সংযোগ চিহ্নিত করে প্রভাবশালীদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সেবা কার্যক্রমে রাজনৈতিক প্রভাব না খাটাতে তিনি সিবিএসহ অন্যান্য কর্মচারী সংগঠনকে সতর্ক করেন এবং নাগরিকদের মধ্যে পানির অপচয় রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।