কর্মজীবনে কোনো বৈষম্য চর্চা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ব্যক্তিগত জীবনে বঞ্চনার শিকার হলেও পেশাগত ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য চর্চা না করার জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ব্যক্তিগত জীবনে বঞ্চনার শিকার হলেও পেশাগত ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য চর্চা না করার জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন। আইনি জটিলতা ও নানা প্রতিকূলতা পেরিয়ে যারা এই পেশায় যুক্ত হয়েছেন, তাদের কাছে বৈষম্যহীন সেবা প্রত্যাশা করেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পুলিশের কাজ শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায়বিচারের পথ সুগম করার রাষ্ট্রীয় অঙ্গীকার। তাই সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে। দুর্ব্যবহার, পক্ষপাত ও পেশিশক্তির প্রয়োগ বাদ দিয়ে মানবিক পুলিশিং গড়ার তাগিদ দেন তিনি। এ ছাড়া বর্তমান সময়ের সাইবার জালিয়াতি, মানব পাচার ও মাদকের মতো অপরাধ রুখতে আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের ওপর তিনি জোর দেন।
উল্লেখ্য, ২০০৬ সালে রাজনৈতিক কারণে নিয়োগবঞ্চিত হওয়া ৮৪ জন পুরুষ সার্জেন্ট ও ১৬২ জন ক্যাডেট এসআইকে বর্তমান সরকার পুনরায় নিয়োগ দেয়। তাদের মধ্যে সার্জেন্টদের ৩০ এপ্রিল এবং এসআইদের ২০ এপ্রিল থেকে প্রশিক্ষণ শুরু হয়েছিল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়মের অভিযোগে তাদের মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করেছিল। এর আগে চলতি বছরের ২ আগস্ট ২৭তম বিসিএসের ৫৭ জন ও ২৮তম বিসিএসের একজনসহ মোট ৫৮ জন কর্মকর্তাকেও একইভাবে নিয়োগ দেওয়া হয়।