মাঠের বরাদ্দ বাতিল হওয়ায় ঢাকায় হচ্ছে না জাতীয় যুবমেলা
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবার জাতীয় যুবমেলা বসছে না।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবার জাতীয় যুবমেলা বসছে না। শেষ সময়ে এসে মাঠটির বরাদ্দ বাতিল করায় এই আয়োজন স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
সেখানে সাত দিনের যুবমেলা করার পূর্বপরিকল্পনা ছিল। তবে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন কর্মসূচি ঘিরে সকালে গণপূর্ত মন্ত্রণালয় মাঠটির সব বরাদ্দ বাতিল করে দেয়। ঢাকায় আয়োজন বন্ধ হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্ধারিত যুবমেলাগুলো যথারীতি চলবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
যুবকদের কর্মসংস্থানের সুবিধার্থে আগামী ১ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি চাকরি মেলার আয়োজন রাখা হয়েছে। এতে অংশ নেবে ৫৫টি নামী প্রতিষ্ঠান। এর মাধ্যমে ৩ থেকে ৫ হাজার দক্ষ তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থা হবে। এর আগে ৩১ অক্টোবর সকালে শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পুরো আয়োজনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া যুবক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪ জন সংগঠক ও ১০ জন আত্মকর্মীসহ মোট ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।