আমজনতার তারেককে সফরসঙ্গী করা নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিক্রিয়া জানান। দেশে সাধারণ মানুষের নানাবিধ সংকট এড়িয়ে অনর্থক বিষয় ও অপপ্রচারে সময় নষ্ট করা হচ্ছে বলে তিনি বিস্ময় প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সফরে নেওয়ার পর থেকে তারেক রহমানের কোনো অবদান নেই এবং সরকারি অর্থ অপচয় হচ্ছে বলে অনলাইনে নানা বক্তব্য দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কেবল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আলোচনার মধ্যেই সংস্কার সীমাবদ্ধ নয়, খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনের উন্নতি ঘটানোও বড় সংস্কার। রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্বস্তিদায়ক করাই তাঁর প্রধান অগ্রাধিকার বলে তিনি মন্তব্য করেন।
এর আগে জাপান সফরের শুরুতে আমজনতার দলের নেতা মো. তারেক রহমান জানান, এটি তাঁর জীবনের প্রথম বিদেশ ভ্রমণ। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।