রুশ জ্বালানি বর্জন করে ইউরোপ নিজেদের ক্ষতি করছে: ভ্লাদিমির পুতিন
রুশ জ্বালানি বর্জন করে ইউরোপ নিজেই নিজেদের শিল্প ও সামাজিক খাত ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ জ্বালানি বর্জন করে ইউরোপ নিজেই নিজেদের শিল্প ও সামাজিক খাত ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) অষ্টম সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন। পুতিন বলেন, বৈশ্বিক গ্যাস বাজার থেকে রাশিয়াকে দূরে রাখার চেষ্টার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। ইউরোপের দেশগুলো দীর্ঘমেয়াদি চুক্তি বাতিল করায় সেখানকার সাধারণ পরিবার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এখন চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে।
বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে পুতিন জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইউরোপগামী পাইপলাইনে হামলার ঘটনার কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর ফলে গ্যাস খাতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দীর্ঘমেয়াদি অনেক বিনিয়োগ পরিকল্পনা স্থগিত বা বাতিল হয়ে গেছে। এই সংকট মোকাবিলায় তিনি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সোয়াপ অপারেশনের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন ব্যবস্থা জোরদার করার প্রস্তাব দেন। তেলের বাজারের মতো গ্যাসের ক্ষেত্রেও ঝুঁকি মূল্যায়ন ও ভারসাম্য বজায় রাখতে তিনি সদস্য দেশগুলোর মধ্যে নিবিড় আলোচনার আহ্বান জানান।
সম্মেলনে পুতিন উল্লেখ করেন, জিইসিএফ সদস্যদের হাতে বিশ্বের ৭০ শতাংশ গ্যাসের মজুদ এবং প্রায় ৪০ শতাংশ রপ্তানি বাণিজ্য রয়েছে। চলতি শতকের মাঝামাঝি সময়ে গ্যাসের বার্ষিক বৈশ্বিক চাহিদা ৫ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনমিটারে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রাকৃতিক গ্যাসের মজুদে বিশ্বে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়া সবসময় দায়িত্বশীল সরবরাহকারী হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে গভীর স্তর থেকে গ্যাস উত্তোলনসহ আর্কটিক অঞ্চলের উন্নত প্রযুক্তি অংশীদার দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।