প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান সরকারের
প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত বেতন এবং পূর্বের সব বকেয়া দ্রুত মেটাতে কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার।
প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত বেতন এবং পূর্বের সব বকেয়া দ্রুত মেটাতে কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরাডাপ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা জানান। এর আগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৬তম এবং পোশাকশিল্পবিষয়ক আরএমজি-টিসিসির ২৫তম সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী রাজপথ অবরোধ না করে কারখানার ভেতরে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
শ্রমমন্ত্রী জানান, বকেয়া বেতন পরিশোধে বিজিএমইএ ও বিকেএমইএ সরকারকে সহায়তা করবে। একই সঙ্গে কোনো তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেন। সভায় শ্রমিক নেতা নাজমা আক্তার জানান, গাজীপুরের অসন্তোষ নিরসনে প্রশাসন, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একসঙ্গে কাজ করছেন। চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন, মজুরি বৃদ্ধি এবং গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো নিয়ে আলোচনা চলছে। শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতনও নতুন বোর্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়ে শ্রমিকদের ধৈর্য ধরার এবং শ্রমিক হয়রানি বন্ধের অনুরোধ জানান।
শিল্পমালিকদের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সহ-সভাপতি রেজোয়ান সেলিম গাজীপুর ও কালিয়াকৈরের আন্দোলন অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত সমাধানের ওপর জোর দেন। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উল্লেখ করেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে। তাই কারখানার ক্ষতিসাধন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ যাতে ফায়দা হাসিল করতে না পারে, সেদিকে নজর রাখা জরুরি।