ডেইলি বাংলাগ্রাম

খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘ মেয়াদে খাদ্যশস্যের গুণগত মান বজায় রেখে সংরক্ষণের ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে চায় বাংলাদেশ।

খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘ মেয়াদে খাদ্যশস্যের গুণগত মান বজায় রেখে সংরক্ষণের ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে চায় বাংলাদেশ। সোমবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে দুই দেশের বাণিজ্য বাড়ানো, খাদ্যশস্য আমদানি, খাদ্য সংরক্ষণ, শিক্ষা ও যোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, গত অর্থবছরে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল, যা যথাসময়ে এসেছে এবং এর মানও সন্তোষজনক ছিল। তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তবে দীর্ঘ সময় খাদ্যশস্যের মান ঠিক রাখা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বাড়িয়ে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের ওপরও তিনি তাগিদ দেন।

সরাসরি বিমান চলাচলের ফলে দুই দেশের যোগাযোগ সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানি হাইকমিশনার জানান, তাঁর দেশে বাংলাদেশের সিরামিক পণ্য, পান ও আনারসের ভালো চাহিদা রয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তির সুযোগ রয়েছে বলেও তিনি জানান। বৈঠকে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।