ডেইলি বাংলাগ্রাম

বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত, বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ঘোষণা

দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও জাপান।

বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত, বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ঘোষণা

দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও জাপান। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, আইসিটি, অবকাঠামো এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। মঙ্গলবার স্থানীয় সময় পৌনে ১২টার দিকে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় এই আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথভাবে কাজ করার ঘোষণা আসে।

সফর উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। গত ৫০ বছরের বেশি সময় ধরে জাপান বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তিনি দেশের উৎপাদনশীল খাত, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান তৈরিতে কাজ করার প্রত্যয় জানান। একই সঙ্গে জাপানি উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, বিগত পাঁচ দশকে দুই দেশের মৈত্রী অনেক মজবুত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে জাপান দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে রয়েছে। নতুন এই কৌশলগত অংশীদারত্ব দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধিকে আরও বিস্তৃত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।