ডেইলি বাংলাগ্রাম

মাদরাসা নিয়ে ষড়যন্ত্রকারীরা দুনিয়াতেও অসম্মানিত হবে: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাদরাসাকে যারা অবহেলা বা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা পরকালের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পাবে না।

মাদরাসা নিয়ে ষড়যন্ত্রকারীরা দুনিয়াতেও অসম্মানিত হবে: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাদরাসাকে যারা অবহেলা বা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা পরকালের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পাবে না। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকারি আলিয়া ও এমপিওভুক্ত মাদরাসাগুলোর অবস্থা শোচনীয় করে তোলা হয়েছে এবং সিলেবাস সংকুচিত করে প্রতিষ্ঠানগুলোকে সাধারণ স্কুলে পরিণত করার অপচেষ্টা চলছে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী গোষ্ঠীই মাদরাসার বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা কেবল নিজেদের আখের গোছাতে এবং বিদেশে অর্থ পাচার করতে চায়। এই অনৈতিক চক্র ভাঙতে হলে সমাজে কোরআনের চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি। মাদরাসা শিক্ষার্থীরা নৈতিক গুণাবলি ও মেধার সমন্বয়ে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য এবং কূটনীতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এগিয়ে যাচ্ছেন। দেশের সামগ্রিক সংকট দূর করতে তিনি সাধারণ শিক্ষাব্যবস্থাতেও ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং অধ্যাপক কামাল উদ্দীন আবদুল্লাহ জাফরী। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম এবং সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী।