বিচারবহির্ভূত হত্যার সুযোগ চাওয়া পুলিশি রাষ্ট্র গঠনের লক্ষণ: সাদিক কায়েম
ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা চাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণের নামে পুলিশকে এমন ক্ষমতা দেওয়া মূলত ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র তৈরির একটি অপচেষ্টা।
সাদিক কায়েম উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ প্রশাসন এখনো পুরোনো মানসিকতা থেকে বের হতে পারেনি। তাঁর মতে, পুলিশের কাজ কেবল অপরাধী খুঁজে বের করা ও গ্রেপ্তার করা, বিচার করা বিচার বিভাগের দায়িত্ব। তাই সমাজে সুবিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা প্রয়োজন। এ সময় অতীতে ক্রসফায়ারের শিকার টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের মর্মান্তিক ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এমন অমানবিক বাস্তবতা বন্ধ করতেই জুলাই আন্দোলন হয়েছিল।
ডাকসু ভিপি সতর্ক করে দিয়ে জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনায় দাঁড়িয়ে দেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না। এই ধরনের যেকোনো চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।