ডেইলি বাংলাগ্রাম

আকামার মেয়াদ ফুরিয়ে গেলেও সৌদিতে যাওয়ার সুযোগ মিলবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পেরে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

আকামার মেয়াদ ফুরিয়ে গেলেও সৌদিতে যাওয়ার সুযোগ মিলবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পেরে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। পরবর্তী সময়ে তাদের এই প্রবেশ প্রক্রিয়া ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সোমবার রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

অনুষ্ঠানে মন্ত্রী কর্মীদের অভিবাসন খরচ কমানোর ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, যেখানে তিন লাখ টাকায় যাওয়া সম্ভব, সেখানে কর্মীদের কাছ থেকে সাত-আট লাখ টাকা নেওয়া অনুচিত। বিদেশ গমনের প্রক্রিয়া সহজ ও ভিসার বৈধতা দ্রুত যাচাই করতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবাও চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আসন্ন রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ছাড়াও বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।